শাওয়াল মাসের ৬টি রোজার ফযীলত ও গুরুত্ব
বিশাল এক রহমতের মাস 'রমজান' আমাদের মাঝ থেকে চলে গেল। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান মাত্রই ১২ মাসের মধ্যে এই রমজান মাসের জন্য অপেক্ষা করেন। কারণ এ মাসের রহমত আর বরকতের পরিমাণ বহুগুণ বেশী। তাছাড়া রোজার পুরষ্কার আল্লাহ তা’আলা নিজ হাতে প্রদান করবেন। হাদিসে আছে "সিয়াম আমারই জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দান করব।" (সহিহ বুখারী)।তবে রোজার মহৎ শিক্ষাটা যেন শুধু রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছর ভরে জীবনজুড়ে এর অনুশীলন হতে থাকে সেজন্যই রাসুলুল্লাহ (সা.) বছরের বার মাসের বিভিন্ন সময়ে নফল রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখতে উৎসাহিত করেছেন।
এক মাসে রোজা রাখার উপহারস্বরূপ আল্লাহ সুবাহানাহুতাআলা আমাদের এত নেয়ামত দিবেন। তাহলে একবার চিন্তা করুন তো রোজা রাখবার কারণে যে ফজিলত ও রহমত আমরা পাই সেটা যদি বাকি ১১ মাসে পাওয়া যেত তাহলে কতই না ভাল হতো। কিন্তু ৩৬৫ দিন রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না তাছাড়া আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না। কোরআনে আছে, "আল্লাহ তোমাদের থেকে (বিধান) সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে।" (সুরা নিসা : ২৮)। তাই মন খারাপ বা হতাশ হবার কিছু নেই। রাসুল (সাঃ) এর সহজ সমাধান আমাদের দিয়ে গেছেন।
প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, "যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল।" (মুসলিম: ১১৬৪; আবুদাউদ: ২৪৩৩; তিরমিজি, নাসায়ি, ইবনে মাজাহ, সহিহ্-আলবানি)।
নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হলো শাওয়াল মাসের ছয়টি রোজা। সাধারণ মুসলমান এই ছয় রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন, হাদীস বা ধর্মীয় গ্রন্থাদিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না।
শাওয়ালের ছয় রোজার গুরুত্ব
এক হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয়দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরোবছর রোজা রাখার সমতুল্য। (আহমদ: ২৮০, দারেমি: ১৭৫৫)
হজরত উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন রাসুল (স.)-কে জিজ্ঞেস করলাম, ‘ইয়া রাসুলুল্লাহ ! আমি কি সারা বছর রোজা রাখতে পারব? তখন রাসুলুল্লাহ (স.) বললেন—তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের ছয় রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে’ (তিরমিজি: ১/১৫৩৪)।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন : কেউ কোনো নেক আমল করলে, তাকে তার দশ গুণ সওয়াব প্রদান করা হবে।’(সুরা আনআম: ১৬০)
উপরোক্ত হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে বুঝা যায়, রমজানের এক মাসের দশগুণ হলো ১০ মাস আর শাওয়াল মাসের ছয়দিনের দশগুণ হলো ৬০ দিন অর্থাৎ দুইমাস। সুতরাং ৩৬টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়।
তবে, এরকম শর্ত থাকলেও শরিয়তসম্মত কারণে রমজানের পূর্ণমাস রোজা রাখেননি—এমন লোকদের শাওয়াল মাসের ছয় রোজা রাখাতে মানা নেই। বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবীজি (স.) বেশিবেশি নফল রোজা নিজে তো রাখতেনই, সাহাবিদেরকেও উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক দুই রোজা (সোমবার ও বৃহস্পতিবার), মাসিক তিন রোজা (আইয়ামে বীজ তথা চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজা), মহররম ও আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের ছয় রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা বিশেষ করে ৯ তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করতেন প্রিয়নবী (স.)।
শাওয়ালের ৬টি রোজা রাখার সহজ উপায়
সাপ্তাহিক ও মাসিক (আইয়্যামে বিজ) রোজার সঙ্গে মিল রেখে সহজেই শাওয়ালের রোজাগুলো রাখা যায়। আর এতে বেশি কষ্টও হয় না।
কারণ সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখলেই পুরো মাসে সহজে ৬টি রোজা রাখা সহজ হয়ে যায়।
আবার আইয়্যামে বিজের ৩টি রোজা একসঙ্গে রেখে অন্য সময়ে ৩টি রোজা রাখার মাধ্যমেও ৬ রোজা রাখা যায়। তবে কেউ যদি একটানা ৬টি রোজা রাখে তাতেও কোনো সমস্যা নেই।
হাদিসে প্রিয়নবী (স.) শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা ছয়টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকহবিদ ও আলিমগণের অভিমত হলো—শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যেকোনো ছয়দিনে রোজা রাখলেই উল্লিখিত সওয়াব লাভ করা যাবে।
সুতরাং শাওয়াল মাসে বিরতি দিয়ে দিয়ে ছয়টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।
ভাংতি রোজা থাকলে করণীয়
যাদের ভাংতি রোজা আছে, অসুস্থতা কিংবা অন্য কোন কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো—'শাওয়াল মাসে তাদের ভাংতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে। তারপর তারা শাওয়ালের ৬ রোজা পালন করবে। কারণ হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ (স.) বলেছেন, 'যে রমজানের রোজা রাখবে অর্থাৎ পুরোপুরি…। আর যার ওপর কাজা রয়ে গেছে সে তো রোজা পুরা করেছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রোজাগুলোর কাজা আদায় না করে।' (আল মুগনি: ৪৪০)
উপরুক্ত আলোচনায় প্রতীয়মান হলো শাওয়াল মাসে রোজা রাখার মাধ্যমে পূর্ণ বৎসর রোজা রাখার সাওয়াব পাওয়া যায়।আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সাওয়াব অর্জন করার তাওফীক দান করুন।আমীন।
Tags:
ইসলাম
