২০ রাকাত তারাবি আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ

২০ রাকাত তারাবি আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ

২০ (বিশ) রাকাত তারাবি আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ | নৈকট্য অর্জনের পূর্বশর্ত অধিক ইবাদত 

বছরের অন্যান্য দিনগুলোতে আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। কিন্তু রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত বিশ রাকাত তারাবিও আদায় করা হয়। কী বৈশিষ্ট্য এই তারাবির? কী তাৎপর্য এই অতিরিক্ত বিশ রাকাতের? আল্লাহু আকবার! ভেবে দেখেছেন কখনো? নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, 'বান্দা আপন পরওয়ারদিগার আল্লাহ পাকের সবচেয়ে নিকট সান্নিধ্য লাভ করে সিজদার হালতে। সিজদা হলো মুমিন বান্দার মিরাজ ও আল্লাহর সঙ্গে সাক্ষাৎপর্ব। বান্দা যখন সিজদার হালতে আল্লাহ পাকের দরবারে ললাট স্পর্শ করে, বারবার 'সুবহানা রাব্বিয়াল আলা' পাঠ করে রাব্বে কারিমের ছানা ও প্রশংসা করে, তখন সে আল্লাহ পাকের যে নৈকট্য ও সান্নিধ্য লাভ করে, অন্য কোনো সময় তা লাভ করে না। সুতরাং আল্লাহ পাক যেন বিশ রাকাত তারাবির এই বিধান দান করে বান্দাকে সম্বোধন করে বলছেন, বান্দা! প্রতিদিন তো পাঁচ ওয়াক্ত নামাজে আমার সান্নিধ্য লাভে ধন্য হতে। এখন আমার সান্নিধ্য অর্জন ও সাক্ষাৎ লাভের সুযোগ তোমার জন্য আরও উন্মুক্ত ও অবারিত করে দিলাম। রমজান মাসে আরও বেশি আমার সান্নিধ্য অর্জন করো। বিশ রাকাত তারাবি পড়বে, তো চল্লিশটি অতিরিক্ত সিজদার মাধ্যমে আরও চল্লিশ বার আমার একান্ত সান্নিধ্য লাভে ধন্য হবে।

নৈকট্য অর্জনের পূর্বশর্ত অধিক ইবাদত

আল্লাহ পাক রমজান মাস নির্ধারণ করেছেন তার নৈকট্য আরও বেশি অর্জনের জন্য আর আল্লাহর একান্ত নৈকট্য অর্জিত হবে অধিক ইবাদতের মাধ্যমে। সুতরাং এ মাসে আমরা রোজা তো রাখবই, ইনশাআল্লাহ! তারাবিও ইহতেমামের সঙ্গে আদায় করব; পাশাপাশি যেসব নফল ইবাদত অন্যান্য মাসে ঠিকমতো আদায় করা হয় না, সেগুলোও এ মাসে গুরুত্ব সহকারে আদায় করতে চেষ্টা করব। বছরের বাকি এগারো মাস তাহাজ্জুদের তাওফিক কখনো হয়, কখনো হয় না; রমজান মাসে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন যে, সাহরির উসিলায় তাহাজ্জুদের ওয়াক্তে উঠতেই হয়, সুতরাং পুরো রমজান মাসে ইহতেমাম ও গুরুত্বের সঙ্গে তাহাজ্জুদ আদায় করব। সাহরি গ্রহণেও যেহেতু অনেক সাওয়াব রয়েছে, তাই সাহরির জন্য একটু আগে শয্যাত্যাগ করব, চার রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে নেব, এরপর সাহরির সুন্নাত আদায় করব। সারা বছর হয়তো মাগরিবের পর আউয়াবিনের ছয় রাকাত নফল নামাজ পড়ার সুযোগ হয় না, রমজানে পড়ার চেষ্টা করব। ইশরাক ও চাশতের নামাজ সারা বছর পড়া হয় না, রমজানে পড়ার হিম্মত করব।

 প্রাসঙ্গিক নোট

সিজদা অবস্থায়ই বান্দা তার রবের অধিক নিকটবর্তী হয়ে থাকে। অতএব, তোমরা (সিজদায়) অধিক পরিমাণে দোয়া করবে। [সহিহ মুসলিম, হাদিস নং-৪৮২]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে। একপর্যায়ে সে আমার মাহবুব ও ভালোবাসার পাত্র হয়ে যায়। [সহিহ বুখারি, হাদিস নং-৬৫০২]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ (তাহাজ্জুদ)। [সহিহ মুসলিম, হাদিস নং-১১৬৩।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়ে এবং এর মাঝে কোনো অন্যায় কথা না বলে, এর বিনিময়ে তাকে বারো বছর (নফল) ইবাদত করার সাওয়াব প্রদান করা হয়। [সুনানে তিরমিজি, হাদিস নং-৪৩৫]

ইশরাকের নামাজ দুই বা চার রাকাত। সূর্যোদয়ের দশ/বারো মিনিট পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত ইশরাকের ওয়াক্ত। তবে ওয়াক্তের শুরুতেই পড়ে নেওয়া উত্তম। ফজর নামাজ আদায় করার করার পর (পার্থিব কথা-কাজে লিপ্ত না হয়ে) নামাজের স্থানে বসে থেকে তাসবিহ-তাহলিলে ব্যস্ত থেকে ইশরাকের ওয়াক্তে হলে ইশরাক আদায় করলে সাওয়াব বেশি হয়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজর নামাজ পড়ে, এরপর সূর্যোদয় পর্যন্ত বসে থেকে আল্লাহর জিকির করতে থাকে, এরপর দু-রাকাত (নফল) নামাজ পড়ে, তার জন্য একটি হজ ও একটি উমরার সাওয়াব রয়েছে। [সুনানে তিরমিজি, হাদিস নং-৫৮৬]

চাশতের নামাজ দুই/চার/ছয়/আট বা বারো রাকাত পড়া যায়। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিন চার রাকাত আদায় করতেন। ইশরাক আদায়ের পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত চাশতের ওয়াক্ত। তবে দিনের এক-চতুর্থাংশ অতিবাহিত হওয়ার পর (সকাল নয়টা-দশটার দিকে) পড়ে নেওয়া উত্তম।

আরও পড়ুনঃ কোরআন হাদিসের আলোকে সচ্চরিত্র

               ☞  জান্নাতের কিছু বর্ননা

ধন্যবাদ : আবার বিজিট করুন

Post a Comment

Previous Post Next Post

Stay Informed