কোরআন হাদিসের আলোকে সচ্চরিত্র কি?


কোরআন হাদিসের আলোকে সচ্চরিত্র কি? 

সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এ মানুষের ক্ষেত্রে সচ্চরিত্র হচ্ছে ঈমান আর অসচ্চরিত্র হচ্ছে মুনাফেকী। কুরআন পাকে আল্লাহ তা'আলা ঈমানদারদের গুণাবলির বা সচ্চরিত্রের বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এরপর মানুষ যাতে খুব সহজে তা বাস্তবায়ন করতে পারে সেজন্য হযরত মুহাম্মাদ (সা.)-এর মাধ্যমে তা দুনিয়ার জিন্দেগীতে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে, সচ্চরিত্রই হচ্ছে মানুষের ভূষণ, শ্রেষ্ঠ সম্পদ।

হযরত আয়িশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র ছিলো কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কুরআনুল কারীমে বলেছেন:

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ.

"ক্ষমা অবলম্বন করুন, সৎ কাজের আদেশ করুন এবং মূর্খদের থেকে দূরে থাকুন।" (সূরা আল আ'রাফ, ০৭: ১৯৯)

এই আয়াত নাযিল হবার পর রাসূলুল্লাহ (সা.) জিবরাঈল (আ.)-এর উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করলে তিনি আরয করলেন, আল্লাহ পাকের কাছ থেকে না জানা পর্যন্ত এ সম্পর্কে আমি কিছুই জানি না। অতঃপর জিবরাঈল (আ.) আকাশে গেলেন এবং ফিরে এসে আরয করলেন, এর উদ্দেশ্য এই, যে আপনার সাথে সম্পর্কচ্ছেদ করে আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করবেন; যে আপনাকে না দেয়, আপনি তাকে দিবেন এবং যে আপনার প্রতি অন্যায় করে, আপনি তাকে ক্ষমা করবেন। রাসূলে কারীম (সা.) বলেনঃ

بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ

"আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করতে প্রেরি হয়েছি।" তিনি আরও বলেনঃ

اثْقَلُ مَا يُوْضَعُ فِي الْمِيزَانِ يَوْمَ الْقِيَامَةِ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُق

"কিয়ামতের দিন মীযানে সর্বাধিক ভারী বস্তু হবে, আল্লাহর ভয় ও সচ্চরিত্র।" (বুখারী শরীফ)

কাজেই বলা যায়, সচ্চরিত্র হচ্ছে একজন ব্যক্তির কাছে আল্লাহর হক ও মানুষের হক সংরক্ষিত হওয়া। ফলে সে দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে শান্তি ভোগ করে থাকে।

আল কুরআনুল কারীমের আলোকে সচ্চরিত্র

قُل لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إنَّ اللهَ خَبِيْرًا بِمَا يَصْنَعُونَ. وَقُل لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي

إخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ.

"মুমিন লোকদেরকে বলো, তারা যেন চক্ষুদ্বয়কে সংযত রাখে। তাদেরকে বলো যেন তারা চরিত্রকে ঠিক রাখে এবং মুমিন স্ত্রীলোকদেরকে বলো যেন যাদের সাথে সাক্ষাৎ করার হুকুম আছে তাদের ছাড়া অপরিচিত পুরুষদের প্রতি দৃষ্টি না দেয়,পরহেয করে, তারা যেন শরীরের অলঙ্কৃত অংশ (বহিরাংশ ব্যতীত) না দেখায়, তাদের বক্ষের উপর আবরণ টেনে দেয় এবং নর্তকীদের ন্যায় পদ-নিক্ষেপ না করে। এর দ্বারা নিশ্চয় তারা কুকার্য হতে রক্ষা পাবে এবং তারা যেন আল্লাহর নিকট প্রার্থনা করে- যেন তিনি তাদেরকে পতন হতে রক্ষা করেন।" (সূরা আন নূর, ২৪: ৩০-৩১)

তিনি আরও বলেন

وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ.

মহান আল্লাহ বলেন: “নিশ্চয়ই (হে মুহাম্মাদ) তুমি মহান চরিত্রে অধিষ্ঠিত আছো।" (সূরা আল কালাম, ৬৮: ০৪)।

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ.

"তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম চরিত্রের নমুনা বিদ্যমান।" (সূরা আল আহযাব, ৩৩: ২১)

إِنَّ الْمُنْفِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ.

"নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান্নামের সর্ব নিম্নস্তরে।" (সূরা আন নিসা, ০৪: ১৪৫)

وَاللَّهُ لاَ يُحِبُّ الظَّلِمِينَ

"আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না।" (সূরা আলে ইমরান, ০৩: ১৪০)

فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ

"অতএব আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।" (সূরা আল কালাম, ৬৮: ০৮)

হাদিসে পাকের আলোকে সচ্চরিত্র

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ. فَاحِشًا وَلَامُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنُكُمْ أَخْلَاقًا.

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিগতভাবে অশ্লীলতা পছন্দ করতেন না এবং তিনি অশ্লীল ভাষীও ছিলেন না। তিনি বলতেন: "তোমাদের মধ্যে উৎকৃষ্ট লোক তারাই, যাদের চরিত্র সর্বোৎকৃষ্ট।" (বুখারী ও মুসলিম শরীফ)

قَالَ مَا مِنْ شَيْ أَثْقَلُ فِي مِيزَانِ وَعَنْ أَبي الدَّرْدَاءِ أَنَّ النَّبِيُّ ص الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ حُسْنِ الْخُلُقِ وَإِنَّ اللَّهَ يُبْغِضُ الْفَاحِشَ الْبَدِي. 

আবু দারদা (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: "কিয়ামতের দিন মুমিন বান্দার আমলনামায় সচ্চরিত্রের চাইতে অধিকতর ভারী আর কোনো আমলই হবে না। বস্তুত আল্লাহ অশ্লীল ভাষী ও নিরর্থক বাক্য ব্যয়কারী বাচালকে ঘৃণা করেন।" (তিরমিযী শরীফ)

وَعَنْ أَبِي هُرَيْرَةُ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ - عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ قَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّارَ فَقَالَ الْفَمُ وَالْفَرْجُ.

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, অধিক কোন জিনিস লোকদের জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেনঃ "তাকওয়া বা আল্লাহভীতি ও সচ্চরিত্র। তাঁকে আরো জিজ্ঞাসা করা হলো, অধিক কোন্ জিনিস লোকদের জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বলেনঃ মুখ ও লজ্জাস্থান"। (তিরমিযী শরীফ)

وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ - اَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيْمَانًا أَحْسَنُهُمْ خُلْقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ.

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "ঈমানের দিক থেকে সর্বাধিক কামিল মুমিনসেই ব্যক্তি যার চরিত্র সর্বোৎকৃষ্ট। তোমাদের মধ্যে সর্বোত্তম লোক তারা, যারা তাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণকারী।" (তিরমিযী শরীফ)

وَعَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - يَقُولُ إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ.

আয়িশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ "মুমিন ব্যক্তি অবশ্যই তার সুন্দর স্বভাব ও সচ্চরিত্র দ্বারা দিনে সিয়াম পালনকারী ও রাত জেগে ইবাদতকারীর মর্যাদা হাসিল করতে পারে।" (আবু দাউদ শরীফ)

عَنْ أَنَسٍ رَضِ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَ مِنْ أخلاق الإِيْمَانِ مَنْ إِذَا غَضِبَ لَمْ يُدْخِلْهُ غَضْبَةٌ فِي بَاطِلِ وَمَنْ إِذَا رضى لَمْ يُخْرِجُهُ رِضَاهُ مِنْ حَقِّ وَمَنْ إِذَا قَدْرَ لَمْ يَتْعَاظُ مَالَيْسَ لَهُ.

হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "তিনটি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলির অন্তর্ভুক্ত। একটি হলো ক্রোধান্বিত হলে, ক্রোধ তার দ্বারা কোনো অবৈধ ও অন্যায় কাজ করাতে পারে না। দ্বিতীয় হলো যখন সে খুশি হয়, খুশি তাকে হকের সীমালঙ্ঘন করতে দেয় না। আর তৃতীয়টি হলো অপরের জিনিসের উপর তার কোনো অধিকার নেই ক্ষমতা থাকা সত্ত্বেও তাতে হস্তক্ষেপ করে না।" (মিশকাত শরীফ)

শিক্ষাবিদ ও দার্শনিকদের মতামতের আলোকে সচ্চরিত্র

০১. হযরত হাসান বসরী (রহ.) বলেছেন, সচ্চরিত্র হচ্ছে প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়া, আল্লাহর রাহে অর্থ-সম্পদ ব্যয় করা এবং কাউকে কষ্ট না দেয়া।

০২. সাহল তস্তরী বলেছেন, সর্বনিম্ন স্তর হচ্ছে সহনশীল হওয়া এবং প্রতিশোধ না নেয়া; সর্বোচ্চ স্তর হচ্ছে জালিমের প্রতি দয়া ও অনুগ্রহ প্রকাশ করা এবং তার জন্যে মাগফিরাত কামনা করা।

০৩. হযরত আলী (রা.) বলেছেন, সচ্চরিত্র তিনটি বিষয়ের মধ্যে নিহিত- হারাম থেকে বেঁচে থাকা, হালাল রুজী অন্বেষণ করা এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যয় না করা।

০৪. আবু সাঈদ খেরায (রহ.) বলেছেন, আল্লাহ ছাড়া কোনো কিছুর দিকে মনোযোগ না দেয়ার নাম সচ্চরিত্র।

০৫. আহনাফ ইবনে কায়েসকে প্রশ্ন করা হলো, আপনি সহনশীলতা কার কাছে শিখলেন? তিনি বললেন, কায়েস ইবনে আছেমের কাছে। লোকেরা বলল,

তার সহনশীলতা কিরূপ ছিলো? তিনি বললেন, একদিন তিনি গৃহে উপবিষ্ট ছিলেন। তার বাঁদী একটি কাবাবপূর্ণ শিক তার কাছে নিয়ে এলো। ঘটনাক্রমে বাঁদীর হাত থেকে খসে পড়ে তাঁর অল্পবয়স্ক ছেলের উপর পতিত হলো। আঘাতের চোটে ছেলেটি মারা গেলো। এই আকস্মিক দুর্ঘটনায় বাঁদী ভয়ে কাঁপতে লাগল। তিনি বললেন, ভয় করিস না। আমি তোকে আল্লাহ্র ওয়াস্তে মুক্ত করে দিলাম।

০৬. হযরত ওয়ায়েস কারনী সম্পর্কে বর্ণিত আছে, তাঁকে যখন দুষ্ট ছেলেরা দেখত, তখন পাথর ছুড়ে মারতো। তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলতেন, ভাই সকল! যদি মারতেই হয়, তবে ছোট ছোট পাথর মার, যাতে আমার পা থেকে রক্ত বের না হয় এবং নামাযে বিঘ্ন সৃষ্টি না করে।

০৭. ডা. লুৎফর রহমান বলেছেন, মানুষের মূল্য কোথায়, চরিত্র; মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে? বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্য অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই।

০৮. স্বামী বিবেকানন্দ বলেছেন, "টাকায় কিছু হয় না, নাম যশে কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, চরিত্রই বাঁধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীর ভেদ করতে পারে।"

সচ্চরিত্র সম্পর্কে লিখাটি "সচ্চরিত্র গঠনের রূপরেখা" বই থেকে সংগ্রহ করা হয়েছে।

বইটি অনলাইন থেকে ক্রয়করুন।

 

মোবাইল বা পিসিতে পড়তে PDF ডাউনলোড করুন

Post a Comment

Previous Post Next Post

Stay Informed