আখেরাতে কারা নবীর বেশী কাছে থাকবেন


 আখেরাতে কারা নবীর বেশী কাছে থাকবেন?

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে কেয়ামতের দিন সে ব্যক্তি আমার বেশী নিকটে থাকবে যে আমার প্রতি বেশী দুরুদ শরীফ পাঠ করবে। (তিরমিজী শরীফ, হাদীস নম্বর-৪৮৪, ইবনে হিব্বান, তারগীব)

ফায়দা: হযরত আল্লামা সাখাবী (রহ.) 'কওলুল বাদী' নামক কিতাবে 'দুররুল মানজুম' নামক কিতাব থেকে এ হাদীস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে যারা বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করবে তাঁরা কেয়ামতের দিন আমার বেশী নিকটবর্তী থাকবে। হযরত আনাস (রা.) থেকেও এ হাদীসটি বর্ণনা করেছেন, কেয়ামতের দিন সকল স্থানে ও সকল অবস্থায় সে আমার নিকবর্তী থাকবে যে বেশী বেশী আমার প্রতি দুরুদ পাঠকারী হবে। 

০১। একটি হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আপনারা বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করার অভ্যাস করুন। কারণ কবরে আমার সম্পর্কেও প্রথমে প্রশ্ন করা হবে।

০২। অন্য হাদীসে আছে, আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করা আপনাদের জন্য পুলসিরাতের অন্ধকারের নূর হবে। আর যে ব্যক্তি এ কথা পছন্দ করে যে, তার নেক আমল বেশী ভারী হোক, সে যেন বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করে।

০৩। হযরত আনাস (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেয়ামতের বিভিন্ন স্থানের বিভিন্ন মুসীবত থেকে সে ব্যক্তি নাজাত পাবে, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমার প্রতি বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করবে।

০৪। 'যাদুস সাঈদ' নামক কিতাবে হযরত আনাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে।

০৫। হযরত আল্লামা সাখাবী (রহ.) একটি হাদীস বর্ণনা করেছেন, তা হল, কেয়ামতের দিন তিন ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে, যে দিন আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। (ক) যে ব্যক্তি কোন বিপদগ্রন্থের বিপদ দূর করে দিবে (খ) যে ব্যক্তি আমার সুন্নত জিন্দা করবে (গ) আর যে ব্যক্তি আমার প্রতি বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করবে।

০৬। হযরত আল্লামা সাখাবী (রহ.) হযরত ইবনে ওমর (রা.) থেকে অন্য একটি হাদীস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। তোমাদের মজলিসসমূহ দুরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করে।। কেননা আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে।

০৭। হযরত আল্লামা সাখাবী (রহ.) 'কুওয়াতুল কুলুব' নামক কিতাব থেকে বর্ণনা করেছেন, বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করার অর্থ হল, দুরুদ শরীফ কমপক্ষে তিনশত বার পাঠ করা। হযরত গাঙ্গুহী (রহ.) আপন মুরীদ ও খাদেমদেরকে কমপক্ষে তিনশত বার দুরুদ শরীফ পাঠ করতে বলতেন। 

হযরত আল্লামা সাখাবী (রহ.) উপরোক্ত হাদীস অর্থাৎ أدى إن أولى الناس "কেয়ামতের দিন সব থেকে আমার বেশী কাছে সেই ব্যক্তি হবে যে বেশী বেশী আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে"। এ হাদীসের ব্যাখ্যায় লিখেছেন যে, সহীহ ইবনে হিব্বান নামক কিতাবে আছে, এ হাদীস দ্বারা প্রমাণিত হয়, কেয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটবর্তী লোকদের মাঝে মুহাদ্দেসীন কেরামের সংখ্যাই বেশী হবে। কারণ তারা সব থেকে বেশী দুরুদ শরীফ পাঠ করে থাকেন।

এমনিভাবে হযরত আবু উবাইদাহ (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশী কাছে হওয়ার ফজীলত ও গৌরব হাসিলকারী শুধু মুহাদ্দেসীন কেরাম হওয়াটাই নিশ্চিত এবং এটা তাঁদেরই বৈশিষ্ট্য। কারণ তাঁরা যখন হাদীস বর্ণনা করেন অথবা লিখেন তখন হাদীসের সাথে সাথে দুরুদ শরীফও হওয়াটা জরুরী হয়ে যায়। 

এমনিভাবে হযরত খতিব (রহ.) হযরত আবু নুয়াঈম (রহ.) থেকে বর্ণনা করেছেন, কেয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব থেকে বেশী কাছে হওয়ার ফজীলত ও গৌরব হাসিলকারী শুধু মুহাদ্দেসীন কেরামই হবেন তাতে কোন সন্দেহ নেই এবং এটা তাঁদেরই বৈশিষ্ট্য। এ জন্য ওলামা কেরাম লিখেছেন এর মূল কারণ হল, হাদীস পাঠ করা ও বর্ণনা করা এবং লিখার সুযোগ মুহাদ্দেসীন কেরামেরই বেশী হয়ে থাকে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নামের সাথে বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করার ও তা লিখার সুবর্ণ সুযোগও তাদের বেশী হয়। তবে মুহাদ্দেসীন কেরাম দ্বারা শুধু হাদীসের ইমামগণই উদ্দেশ্য নয়। বরং যারাই হাদীস শরীফের কিতাব নিজেরা পড়েন অথবা অন্যদেরকে পড়ান তারাও উদ্দেশ্য হয়। চাই আরবী হাদীসের কিতাব হোক অথবা উর্দু হাদীসের কিতাব। (অর্থাৎ হাদীস বর্ণনা করা যে কোন ভাষায় হোক না কেন)

হযরত তবরানী (রহ.) থেকে 'যাদুস সাঈদ' নামক কিতাবে একটি হাদীস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন কিতাবে আমার উপর দুরুদ শরীফ পাঠ করবে (অর্থাৎ কিতাবে দুরুদ শরীফ লিখবে) যতদিন পর্যন্ত সে কিতাবে আমার নাম ও দুরুদ শরীফ থাকবে। ততদিন পর্যন্ত ফেরেস্তারা লেখকের প্রতি দুরুদ শরীফ পাঠ করতে থাকবে।

তবরানী শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ হাদীসও বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি সকালে আমার প্রতি দশবার দুরুদ শরীফ পাঠ করবে এবং সন্ধ্যায় দশবার দুরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন তাঁর জন্য আমার শাফায়াত হবে।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed