ইবাদতের পরও তাওবা করা কর্তব্য
![]() |
| ইবাদতের পরও তাওবা করা কর্তব্য |
শোকরের পর এ সময়ের দ্বিতীয় বিশেষ কর্তব্য হচ্ছে অধিক পরিমাণে তাওবা ও ইসতেগফার করা।
তাওবা ও ইস্তেগফার কেন করব? তাওবা এজন্য করব যে, আমরা তো রমজানের হক ও দাবি রক্ষা করতে পারিনি। রোজা ও তারাবির যথাযথ হক আদায় করতে পারিনি। যে রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকওয়ার মহাসম্পদ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন, তেমন জানদার রোজা রাখতে পারিনি। যে তারাবির বদলায় গুনাহ মাফের খোশখবরি এসেছে, তেমন প্রাণবন্ত তারাবি আদায় করতে পারিনি। টুটাফাটা কিছু ইবাদত হয়তো করেছি; কিন্তু বন্দেগির শান আদায় করতে পারিনি। তাই, আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে তাওবা-ইস্তেগফার করতে হবে।
হে আল্লাহ, আপনার দান করা এই মহা মূল্যবান মুহূর্তগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। আপনি যে নিয়ামত দান করেছিলেন, তার কদর করতে পারিনি। রোজার হক আদায় করতে পারিনি, রোজার আদাবের প্রতি যত্নবান হতে পারিনি। তারাবির হক আদায় করতে পারিনি, খুশু-খুজুর সঙ্গে আপনার মর্জিমতো তারাবি পড়তে পারিনি। কুরআন তিলাওয়াতের হক আদায় করতে পারিনি, আপনার কালামের যে শান; তা রক্ষা করে তিলাওয়াত করতে পারিনি।
جِئْنَا بِبِضَاعَةٍ تُرْجَى فَأَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقُ عَلَيْنَا
আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদেরকে পরিপূর্ণ রসদ দান করুন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। [সূরা ইউসুফ-৮৮]
হে আল্লাহ, অতি সামান্য এই সামানা নিয়ে উপস্থিত হয়েছি আপনার দরবারে; আমাদের পুঁজি যদিও সীমিত, আপনার দয়ার ভান্ডার তো অফুরান! আমাদের তুচ্ছ এই সামানার প্রতি দৃষ্টিপাত না করে আপনার অফুরন্ত দয়ার প্রতি দৃষ্টি দিয়ে আপনার প্রতি দয়ার আচরণ করুন। রোজা রাখার জন্য আপনি যে পুরস্কার ঘোষণা করেছেন, তারাবি আদায়ের যে ফজিলত আপনি নির্ধারিত করেছেন, মাহে রমজানের ইবাদতের জন্য আপনি যে বিশেষ দানের প্রতিশ্রুতি দিয়েছেন; আয় আল্লাহ, তার সবকিছুই আমাদের প্রয়োজন। সবকিছু আপনি আমাদের দান করুন। আমরা তুচ্ছ পুঁজি নিয়ে এসেছি, আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে আরও দান করুন। হে আল্লাহ, আমরা আপনার প্রতিশ্রুত পুরস্কার লাভের হকদার ও উপযুক্ত তো নই; কিন্তু আপনার পুরস্কার লাভের মোহতাজ ও মুখাপেক্ষী তো অবশ্যই। আমাদের মাগফিরাত ও ক্ষমা প্রয়োজন, নাজাত ও মুক্তির পরোয়ানা প্রয়োজন; আমাদের প্রাপ্য ও উপযুক্ততার প্রতি দৃষ্টিপাত না করে আমাদের মুখাপেক্ষিতার প্রতি দৃষ্টি দিন। মাহে রমজানে যত রহমত ও বরকত আপনি রেখেছেন, যত পুরস্কার ও দানের ওয়াদা আপনি করেছেন, সব আমাদের দান করুন। আয় আল্লাহ, আপনি রমজান দান করেছেন তাকওয়া অর্জনের জন্য। আমাদের ত্রুটিপূর্ণ এই রোজার বিনিময়েই আমাদের তাকওয়ার দৌলত দান করুন। গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।
এভাবে আমরা ইবাদতের তাওফিকের জন্য শোকরও করব, ইবাদতের ত্রুটি-বিচ্যুতির জন্য তাওবা-ইস্তেগফারও করব। যদি শোকরও আদায় করি, তাওবা-ইস্তেগফারও করি-তাহলে পরম করুণাময় সত্তা আল্লাহ এত কারিম ও দয়াময় যে, তিনি আমাদের মাহরূম করবেন না। অসীম দয়াময় আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের সামান্য টুটাফাটা ইবাদতই কবুল করে নেবেন এবং অসামান্য আজর ও সাওয়াব দান করবেন।
আরও পড়ুন ⋑ যাকাতের গুরুত্ব, ফযীলত ও জরুরী মাসাইল
আরও পড়ুন ⋑ মাহে রমজানের দাবি সৃষ্টি-উদ্দেশ্যের দিকে প্রত্যাবর্তন
আরও পড়ুন ⋑ মাহে রমজানের দাবি সৃষ্টি-উদ্দেশ্যের দিকে প্রত্যাবর্তন
ধন্যবাদ আবার ভিজিট করুন
Tags:
ইসলাম
