জার্নি আন্ডার দ্য মিডনাইট সান

 

জার্নি আন্ডার দ্য মিডনাইট সান
জার্নি আন্ডার দ্য মিডনাইট সান

তদন্ত-নির্ভর একটা গল্পে আমি কী আশা করি? সংক্ষেপে বললে, একজন সত্যিকার ইনভেস্টিগেটর যা যা করে, ঠিক তাই তাই আশা করি।

আর তারা কী করে?

একবার এক এফবিআই এজেন্ট একটা খুনের তদন্তের জন্য এক লোককে কিছু প্রশ্ন করছিলো। ওর বেশ শক্ত অ্যালিবাই ছিলো, আবার কথাবার্তা শুনেও মনে হচ্ছিলো সত্যই বলছে। কিন্তু তারপরেও কিছু একটা যেন খোঁচাচ্ছিলো এজেন্টের মনের ভেতর। সে তাকে এরপর সুনির্দিষ্ট কয়েকটা প্রশ্ন করলো। সবগুলোই মার্ডার ওয়েপন নিয়ে।

'আপনি যদি এই খুনটা করতেন, তো কী দিয়ে করতেন? পিস্তল? আচ্ছা...চুরি? ও... আইস পিক? হাতুড়ি?'

ঐ খুনের মার্ডার ওয়েপন সম্পর্কে সাধারণ মানুষকে তখনো জানানো হয়নি। এটা একমাত্র জানার কথা ছিলো খুনিরই। আর এই চারটা অস্ত্রের ভেতর আইস পিকই হলো মার্ডার ওয়েপন।

লোকটা সবগুলো প্রশ্নেরই উত্তর দিলো। কিন্তু যেই আইস পিক শব্দ দুটো কানে গেল, সপাটে চোখের পাতা বন্ধ হয়ে গেল তার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগ পর্যন্ত ওভাবেই ছিলো তার চোখ।

আর তারপর মাইনর সাসপেক্ট হয়ে গেল ঐ কেসের প্রধান সাসপেক্ট। পরবর্তীতে এই লোক তার অপরাধের কথা স্বীকার করে নেয়।

তো যা বলছিলাম, এ জাতীয় গল্পে ইনভেস্টিগেটরদের কাছ থেকে আমি ঠিক এমন দক্ষতা আর দূরদর্শিতাই আশা করি। আমি দেখতে চাই তারা মানুষকে বিভিন্ন প্রশ্ন করে তাদের শরীরের ভাষা পড়ার চেষ্টা করছে। খেয়াল করছে যে সুনির্দিষ্ট কোনো প্রশ্নের পরপরই সাসপেক্ট আচমকা গোড়ালি দুটোকে একত্র করে ফেললো কি না। কোনো একটা সেন্সিটিভ প্রশ্ন করার সাথে সাথে হাত দিয়ে অ্যাডামস অ্যাপলের নিচে থাকা খাঁজ, মানে সুপ্রাস্টার্নাল নচ ঢেকে ফেলছে কি না। মুখে 'তারপর বাম দিকে গেছিলাম' বলে হাত দিয়ে ডান দিক দেখাচ্ছে কি না (হ্যাঁ, অপরাধটাও ওদিকেই হয়েছিলো)...

আর তারপর বইয়ের গোয়েন্দা কিংবা এজেন্টরা এই নন ভার্বালগুলো রিড করেই ঠিক করবে যে কাকে সন্দেহের তালিকায় রাখবে, কাকে বাদ দেবে, কার উপর তদন্ত আরো জোরদার করবে। আর এই জাতীয় গল্পে আমি ঠিক এটাই আশা করি।

জার্নি আন্ডার দ্য মিডনাইট সান হলো নন ভার্বালের এক সমুদ্র। এখানে কেউই অযথা নিজের কাঁধ বা হাঁটু মালিশ করে না (প্যাসিফায়ার), অযথা কারোই চোখ সরু হয়ে আসে না, বিনা কারণে কেউই নিজের জামার কলার ধরে টানাটানি করে না। প্রতিটা একশন ট্যাগেরই গভীর অর্থ আছে এখানে। আর এই ট্যাগগুলো চরিত্রগুলোর
মনে কী চলছে তার সম্পর্কে আমাদের ধারণা দেয়, মুখের কথা আর মনের কথায় আদৌ মিলছে কি না তা জানিয়ে দেয়। সর্বোপরি বইটা আমাদেরকে সুযোগ করে দেয় একজন ইনভেস্টিগেটরের চোখ দিয়ে দুনিয়াকে দেখার।

আর ঠিক এইজন্যই আমি এই বইটাকে আর দশটা থ্রিলার থেকে আলাদা ধরবো একটা গল্পের বইতে যে নন ভার্বালের এত চমৎকার প্রয়োগ করা যায় তা হিগাশিনোর বইটা না পড়লে আমার জানা হতো না। মন থেকেই বলছি, হিগাশিনো আসলেই একজন বস।

এর বাইরে একটা ভালো থ্রিলারে আমি যা যা আশা করি-চমৎকার প্লট, বিশ্বাসযোগ্য এবং জটিল কিছু চরিত্র, তাদের বিশ্বাসযোগ্য মোটিভ, শক্তিশালী ডায়ালগ, গল্পের গতি এবং সর্বোপরি মানবিক আবেগ-একদম সবই আছে এই বইতে এতটাই যে আমি এখন হিগাশিনোর অনেক বড় ফ্যান হয়ে গেছি।

এই বইটির অনুবাদক বি. এম. পারভেজ রানাকে লেখালেখির জগতে স্বাগত জানাই। তার ক্যারিয়ারের জন্য রইলো শুভকামনা। আশা করি বইটি পাঠকপ্রিয়তা পাবে।

Post a Comment

Previous Post Next Post

Stay Informed