![]() |
| সুইটহার্ট কুরআন |
ভালোবেসে সবাই যাকে কুরআনের পাখি বলে থাকেন সেই মজলুম আলেমে দ্বীন, প্রিয় ভাই মাওলানা আতীক উল্লাহর প্রকাশিতব্য বই সুইটহার্ট কুরআন এর প্রাকপ্রকাশনা কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সুবাদে আদ্যোপান্ত পড়া হয়েছে একাধিকবার। যার ফলে বলতে পারি- এটি এমন একটি বই, যা রচনার জন্যে লেখককে শত-সহস্র পৃষ্ঠা পড়তে হয়েছে। কুরআনের একেকটি আয়াতের মর্ম ও আবেদন বোঝার জন্যে শত মুহূর্ত ভাবতে হয়েছে। আয়াতের ভাব-ব্যঞ্জনা ছোট ছোট গল্পে সাজিয়ে তোলার জন্যে মাসের পর মাস গল্পের প্লট ও চরিত্র খুঁজতে হয়েছে। তারপরেই আলোর মুখ দেখেছে সময়ের এই মাস্টারপিস বই।
লেখক হিসেবে আতীক উল্লাহ ভাইয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি বিস্তর পড়েন। জ্ঞানের যতগুলো মাধ্যম রয়েছে, সবগুলোতে তিনি চব্বিশ ঘণ্টা দাপিয়ে বেড়ান। মুদ্রিত কিতাব থেকে শুরু করে ফেসবুক, টুইটার, পিডিএফ- সবখান থেকেই তিনি জ্ঞান খুঁজে বেড়ান। এ কারণে তার বইয়ের চরিত্রগুলো যেমন কোনো দেশ বা অঞ্চলের চৌহদ্দিতে সীমাবদ্ধ থাকে না, তেমনই থাকে না কোনো নির্দিষ্ট বলয়ে রুদ্ধ।
আমি আমার সমকালে জ্ঞানের এমন বুভুক্ষু খাদক আরেকজন পাইনি। তাঁর প্রকাশিত বইগুলোতে সেই বিস্তর পড়াশুনার যৎকিঞ্চিৎই প্রকাশ পেয়েছে। আশা করি, আগামীর পৃথিবী তাঁর এমন আরো অনেকগুলো কালজয়ী গ্রন্থ দেখতে পাবে।
মহান আল্লাহ এই ক্ষণজন্মা লোকটাকে নিরাপদ রাখুন। জ্ঞানের এই ফল্গুধারা থেকে বাংলাভাষী পাঠকমহল তৃপ্ত হোক যুগের পর যুগ, অনন্তকাল।
Tags:
ইসলাম
