দিগন্তের প্রতিটা বস্তুর মাঝেই আল্লাহর নিদর্শন রয়েছে। হতে পারে এর কোন একটাই তোমাকে তাঁর পথ দেখাবে। হয়তো তোমার নিজের মাঝেও রয়েছে আশ্চর্যজনক অনেক নিদর্শন, যদি তোমার দু চোখ তা দেখতো!
সমস্ত সৃষ্টিজগতই তো আশ্চর্যজনক ও রহস্যময়। তুমি তার ব্যাখ্যা বুঝতে গেলে ক্লান্ত ও দিশেহারা হয়ে পড়বে।
তুমি ঐ ডাক্তারকে জিজ্ঞেস করো, হঠাৎ মৃত্যু যার জীবনকে কেড়ে নিয়েছে। হে ডাক্তার! তোমার কাছে চিকিৎসা বিজ্ঞান থাকা সত্ত্বেও কে তোমার মৃত্যু ঘটালো? তুমি কঠিন রোগ থেকে আরোগ্যপ্রাপ্ত ঐ রোগীকে জিজ্ঞেস করো, যাকে সুস্থ করতে ব্যর্থ হয়েছিল সমস্ত চিকিৎসা বিজ্ঞান। হে রোগী ! কে তোমাকে আরোগ্য দান করলো? তুমি ঐ সুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করো, যে কোন কারণ ছাড়াই মৃত্যুবরণ করলো , হে সুস্থ ব্যক্তি! কে তোমার মৃত্যু ঘটালো? তুমি ঐ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে জিজ্ঞেস করো, যে গর্ত সম্পর্কে সতর্ক থাকা সত্ত্বেও গর্তে গিয়ে পড়লো। হে দৃষ্টিসম্পন্ন ব্যক্তি! কে তোমাকে গর্তে ফেললো? তুমি ঐ অন্ধ লোককে জিজ্ঞেস করো, যে ভীড়ের মাঝেও নির্ভুল ভাবে পথ চলছে, হে অন্ধ লোক! কে তোমাকে নির্ভুলভাবে পরিচালনা করলো? তুমি মাতৃগর্ভের ঐ শিশুকে জিজ্ঞেস করো, যে কোন তত্ত্বাবধান ছাড়াই একাকী বেঁচে রইলো, হে শিশু! মাতৃগর্ভে কে তোমার দেখাশোনা করলো? তুমি ঐ নবজাতক শিশুকে জিজ্ঞেস করো, যে জন্মের পর কান্নায় ফেটে পড়েছিল। হে নবজাতক শিশু! জন্মের পর কে তোমাকে কাঁদিয়েছিল? তুমি যখন সাপকে দেখো, সে নিঃশ্বাসের সাথে বিষ ফেলছে, তখন তাকে জিজ্ঞেস করো, হে সাপ! কে তোমার মধ্যে বিষ দিল? তুমি তাকে জিজ্ঞেস করো, হে সাপ! তুমি মুখে বিষ নিয়েও কিভাবে বেঁচে আছো? কে তোমাকে বাঁচিয়ে রাখল? তুমি মৌমাছিকে জিজ্ঞেস করো, কিভাবে তার পেট থেকে ফোঁটা ফোঁটা মধু বের হয়? এবং মধুকে জিজ্ঞেস করো, কে তোমাকে সুমিষ্ট করল? তুমি স্বচ্ছ নির্মল দুধকে জিজ্ঞেস করো, যা রক্ত আর মলমূত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়। হে দুধ! কে তোমাকে এত স্বচ্ছ করল? তুমি যখন দেখছো, মৃত-প্রাণহীন ডিম থেকে জীবিত প্রাণী বেরিয়ে আসছে, তখন তাকে জিজ্ঞেস করো, হে জীবিত প্রাণী! কে তোমাকে জীবন দান করলো? তুমি ঐ শুকনা-শুষ্ক গাছপালাকে জিজ্ঞেস করো। হে শুকনো গাছ! এত সবুজ-শ্যামল থাকা সত্বেও কে তোমাকে শুকনো ও শুষ্ক করল? তুমি যখন দেখছো, শুষ্ক মরুভূমিতে গাছ-পালা জন্মিয়ে পুষ্পপল্লবিত হচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করো, কে তোমাকে পরিচর্যা করলো? তুমি যখন পূর্ণিমার চাঁদকে আলো বিলাতে দেখো তখন তাকে জিজ্ঞেস করো, কে তোমাকে রাতে উদিত করলো? তুমি নিকটের এই সূর্যের আলোকে জিজ্ঞেস করো, হে সূর্য! সবকিছুর চেয়ে দূরবর্তী হওয়ার পরেও, কে তোমাকে নিকটবর্তী করলো? তুমি তিক্ত ফলকে জিজ্ঞেস করো, কে তোমাকে তিক্ত করলো? তুমি যখন খেজুরের বীচির মাঝে ফাটল দেখতে পাও, তখন তাকে জিজ্ঞেস করো,হে খেজুরের বীচি! কে তোমার মাঝে ফাটল সৃষ্টি করলো? তুমি যখন আগুনের শিখাকে ছড়িয়ে পড়তে দেখো, তখন তার শিখাকে প্রশ্ন করো, হে অগ্নিশিখা! কে তোমাকে প্রজ্জ্বলিত করলো? তুমি যখন সুউচ্চ পাহাড়কে দেখো যে, তার চূড়া মেঘের সাথে মিশে আছে, তখন তাকে জিজ্ঞেস করো, হে পাহাড়! কে তোমাকে সুদৃঢ়ভাবে এত সুউচ্চে স্থাপন করলো? তুমি যখন দেখো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করো, হে পাথর! কে তোমার মধ্য থেকে পানি বের করলো? তুমি যখন দেখছো, নদী মিষ্টি, সুপেয় পানি নিয়ে বয়ে যাচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করো, হে নদী! কে তোমাকে প্রবাহিত করলো? তুমি যখন সমুদ্রকে উত্তাল অশান্ত হতে দেখো, তখন তাকে জিজ্ঞেস করো, কে তোমাকে উত্তাল করলো? তুমি যখন রাতকে অন্ধকারাচ্ছন্ন হতে দেখো, তখন তাকে জিজ্ঞেস করো, হে রাত! কে তোমাকে অন্ধকার করলো? তুমি যখন সকালকে হাস্যোজ্জ্বল হয়ে উদ্ভাসিত হতে দেখো, তখন তাকে জিজ্ঞেস করো, হে সকাল! কে তোমাকে উদ্ভাসিত করলো? অবশ্যই তুমি বলবে, সৃষ্টিজগতের সবকিছু আশ্চর্য ও রহস্যময়, যদি তোমার দু চোখ তা দেখতো! যদি তোমার অন্তর তা বুঝত!!
হে আমার প্রতিপালক! সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য। আপনি ছাড়া প্রশংসার উপযুক্ত আর কেউ নেই। হে সুন্দর সুরভিত ফুলের স্রষ্টা! আপনার নিকট প্রার্থনা করে এবং আপনার নিকট আশা করে কেউ কোনো দিন ফিরে যায়নি এবং নিরাশ হয়নি। হে মিষ্টি সুপেয় পানির নদী প্রবাহিতকারী! আপনার কাছে প্রার্থনা করে এবং আশা করে কেউ কোনো দিন ফিরে যায় নি এবং নিরাশ হয় নি।
হে মানুষ! একটু ভেবে দেখো, হে মানুষ! একটু ভেবে দেখো, কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রাখলো। কোন জিনিস তোমাকে তোমার স্রষ্টা সম্পর্কে গাফেল করে রাখলো?
শায়খ তামিম আল আদনানি হাফিজাহুল্লাহ
