ঠিক কখন কিয়ামত হবে ?
কিয়ামতের কথা দুইভাবে কুরআনে এসেছে।
প্রথম প্রকার কিয়ামত-কালীন অবস্থার বর্ণনা যেমন— আকাশ বিদীর্ণ হবে, পাহাড় তুলোর মতো আকাশে উড়বে, ভূ-গর্ভস্থ সমস্তকিছু উদগীরণ হবে ইত্যাদি। কিয়ামতের নিদর্শনাবলী কুরআন খুব জোর দিয়ে বর্ণনা করেছে যাতে করে মানুষেরা সেই দিনটা সম্পর্কে ভীত হয়, তাদের জীবনকে সেই দিনের জন্য প্রস্তুত করে।
দ্বিতীয় যে প্রকারে কুরআন কিয়ামতকে সামনে এনেছে তা হলো সময়কেন্দ্রিক— ঠিক কখন কিয়ামত হবে।
প্রথম প্রকার, অর্থাৎ কিয়ামতের নিদর্শনাবলী বর্ণনায় কুরআন খুব খোলামেলা আলোচনা করলেও, দ্বিতীয় প্রকার, অর্থাৎ কিয়ামত সংঘটনের সময়কাল নির্ধারণে কুরআন খুব জোর দিয়ে কিছু বলেনি। দ্বিতীয় প্রকারের বেলায় কুরআনের বর্ণনা পড়লে মনে হবে যেনো এই ইস্যুতে কথা বলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা পছন্দই করছেন না৷ কুরআনের আলাপটা শুনুন:
‘লোকেরা আপনার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়৷ (তাদের) বলে দিন— এর জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছেই আছে’। (১)
‘তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিগ্যেশ করে— কখন তা সংঘটিত হবে?
(তাদের) বলে দিন—এর জ্ঞান তো রয়েছে কেবল আমার প্রতিপালকের নিকট৷ তিনি ব্যতীত কেউ তা প্রকাশ করতে পারে না। আসমান এবং যমীনে সেটা হবে এক ভয়াবহ দিন! অতি-আকস্মিকভাবেই তা তোমাদের ওপর এসে পতিত হবে’। (২)
কিয়ামতের সময় কী কী হবে সেটার বিশদ বর্ণনায় কুরআন খোলামেলা থাকলেও, কখন কিয়ামত হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর কুরআন প্রদান করে না৷ ‘সেই জ্ঞান কেবল আল্লাহর কাছে’— এই উত্তরই কুরআন বারংবার দিয়ে এসেছে প্রশ্নটার বিপরীতে।
ঠিক একই দৃশ্য হাদিসের বেলাতেও৷ নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অসংখ্য ছোট-বড় নিদর্শনের কথা আমাদের জানিয়েছেন, কিন্তু ঠিক কবে কিয়ামত হবে সেই মর্মে নির্দিষ্টভাবে কিছু তিনি বলে যাননি৷ বরং এই প্রশ্নের উত্তরদানে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা প্রশ্নও ছুঁড়ে দিতে দেখা গেছে যা নিন্মোক্ত হাদিসে পাওয়া যায়।
একজন লোক নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে জিগ্যেশ করলেন— ইয়া রাসুলাল্লাহ, কখন কিয়ামত সংঘটিত হবে?
নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কিয়ামত দিনের জন্য তোমার প্রস্তুতি কী?’
লোকটা বললেন, ‘আল্লাহ এবং তাঁর রাসূলের জন্য ভালোবাসা ব্যতীত আর কিছুই নয়’।
নবিজী বললেন, ‘যাকে ভালোবাসো, তার সাথেই সেদিন তোমাকে রাখা হবে’৷ (৩)
নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু স্পষ্ট করে বলে দেননি যে— অমুক বছরের, অমুক দিনের অমুক সময়ে কিয়ামত সংঘটিত হবে। বরং তিনি প্রশ্ন করেছেন— এই যে কিয়ামত কোনদিন হবে জিগ্যেশ করতে এলে— কিয়ামতের জন্য কী কী আমল গুছিয়েছো বলো দেখি? নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডিপ্লোম্যাটিক একটা উত্তর দিয়েছিলেন সেদিন।
সূরা আল আরাফে আরো বাড়তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলছেন:
‘লোকেরা আপনাকে এমনভাবে এ সম্পর্কে (কখন কিয়ামত সংঘটিত হবে সে ব্যাপারে) জিগ্যেশ করছে যেনো আপনি আগ্রহভরে এটার খোঁজ নিয়ে ব্যস্ত আছেন’। (৪)
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার এই কথা থেকে বোঝা যায় যে— কখন কিয়ামত সংঘটিত হবে সেটা নিয়ে পেরেশানিতে পড়ে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়৷ নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও ছিলো না কিয়ামত সংঘটনের দিন তালাশ করা এবং দ্বীনের জন্য সেটা জরুরিও নয়।
আজকাল আমাদের সমাজে একটা ট্রেণ্ড দেখা যায়— কিয়ামত, দাজ্জাল, শেষ সময় ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি রকমের কথাবার্তা। অনেকে তো দিনক্ষণও ঠিক করে দেন কিয়ামতের৷ এগুলো সুস্পষ্ট বাড়াবাড়ি এবং অদরকারি কাজ৷ কিয়ামতের ভয়াবহতা, নিদর্শন নিয়ে আলোচনা করা এক বিষয়, আর কিয়ামত সংঘটিত হওয়া নিয়ে নানান থিসিস তৈরি করা অন্য বিষয়। দ্বিতীয়টা সুস্পষ্ট সীমারেখার লঙ্গন।
কিয়ামত সংঘটনের সুনির্দিষ্ট সময়কালকেন্দ্রিক প্রশ্নকে কুরআনে বিশেষ পাত্তা দেওয়া হয়নি, নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামও যে এ-ধরণের প্রশ্নকে পছন্দ করতেন না তা উপরের হাদিস থেকে প্রতীয়মান৷ আমাদের উচিত কিয়ামতকেন্দ্রিক আলোচনা জারি রাখা, তবে সেটা সেই সীমারেখার মধ্যে যে সীমারেখা আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন।
রেফারেন্স:
১. আল আহযাব, ৬৩
২. আল আ’রাফ, ১৮৭
৩. সহিহ আল বুখারী, ৩৬৮৮
৪. আল আ’রাফ, ১৮৭ (আয়াতের শেষাংশ)
লেখকঃ আরিফ আজাদ
Tags:
ইসলাম
